০২ ফেব্রুয়ারি , ২০২৬ ২১:৩২
ছবি: সংগৃহীত
করোনা মহামারিতে সবাই গৃহবন্দী। ছোট দুই সন্তানকে সময় দিতে তাদের হাতে কাগজ-কলম ধরিয়ে ছবি আঁকা শুরু করেন গৃহিণী শাহরিনা আক্তার। স্ত্রীর সৃজনশীলতায় মুগ্ধ হয়ে স্বামী বাজার থেকে কিনে দেন রংতুলি, কার্টিজ পেপারসহ আঁকার নানা উপকরণ।
সেই থেকে কেটে গেছে সাত বছর। শাহরিনা আক্তার এখন পুরোদস্তুর শিল্পী। এ পর্যন্ত ফুল, প্রকৃতি, নদী, পাখিসহ নানা ধরনের প্রায় দুই শ ছবি এঁকেছেন। এর মধ্যে বাছাই করা ৭২টি চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে তাঁর একক চিত্র প্রদর্শনী। ‘প্রকৃতি ও জীবন: রঙে রঙে প্রথম যাত্রা’ শীর্ষক এ প্রদর্শনী চলছে সিলেট নগরের কুমারপাড়া এলাকার শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টসে।
আজ সোমবার বিকেল পাঁচটার দিকে শাহরিনা আক্তারের একক চিত্র প্রদর্শনী শুরু হয়। তখন থেকে সেখানে ভিড় করেন দর্শনার্থীরা। আয়োজকেরা জানান, ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এটি। দর্শনার্থীরা চিত্রকর্ম দেখতে পারলেও আপাতত কিনতে পারবেন না।
প্রদর্শনীর আয়োজক ও শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক ইসমাইল গনি বলেন, প্রদর্শনীতে জলরং, অ্যাক্রিলিক ও মিক্স মিডিয়ার মাধ্যমে প্রকৃতি ও জীবনকে অনুভবভিত্তিক দৃষ্টিতে উপস্থাপন করেছেন শিল্পী শাহরিনা আক্তার। ছবিগুলোতে দৃশ্য কেবল দেখা নয়, অনুভবের অভিজ্ঞতায় রূপ নেয়।
শাহরিনা আক্তার জানান, চিত্রকর্ম নিয়ে তাঁর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। গুগল ও ইউটিউবে সার্চ করে করে তিনি আঁকা শিখেছেন। প্রথমে জলরঙে আঁকতেন, এখন অ্যাক্রিলিকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ২০২০ সালের আগস্ট মাসে আঁকা শুরু করেছিলেন। তখন থেকে এ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে আঁকছেন। তাঁর দাবি, স্বামীর নিরন্তর সহযোগিতাই তাঁকে গৃহিণী থেকে শিল্পীতে পরিণত করেছে।
আজ প্রদর্শনীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সময় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। এ ছাড়া শাহরিনার স্বামী ও সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ স্থানীয় প্রশাসন ও সংস্কৃতি অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য