সিলেটটুডে ডেস্ক

১৬ আগস্ট, ২০১৬ ১৮:৩০

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকরি মেলা।

বুধবার (১৭ আগস্ট) ও বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুই দিনব্যাপী কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। প্রায় আটটি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে।

এগুলো হলো সিনজেনটা বাংলাদেশ লিমিটেড, ব্র্যাক, নাফকো গ্রুপ, কৃষিবিদ সিড লিমিটেড, সুপ্রিম সিড কোম্পানি লিমিটেড, ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোয়ালিটি ফিড লিমিটেড, এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে মেলা উপলক্ষে ক্যাম্পাসে সাজ সাজ রব তৈরি হয়েছে। প্রশাসন ভবনের সামনে প্যান্ডেল টানিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল বসবে। সেখানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা সিভি জমা দিয়ে চাকুরীর ভাইবা দিতে পারবেন।

বুধবার বিকেলে সিকৃবি মিলনায়তনে মেলা উপলক্ষে পরিচর্যা অধিবেশন বা গ্রুমিং সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যার স্পন্সরে থাকবে ব্র্যাক এর মানবসম্পদ বিভাগ।

বৃহস্পতিবার সকালে সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম মেলার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মেলা সমন্বয়ক ড. জসিম উদ্দিন আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সিনজেনটার মানব সম্পদ বিভাগের প্রধান আমিনুল ইসলাম, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মিটু চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত