১৫ নভেম্বর, ২০১৬ ১৯:৫৩
আট দিনেও খোঁজ মিলেনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঐশী হামোমের। ঐশীর পরিবারের অভিযোগ, প্রেম ভেঙ্গে যাওয়ায় ক্ষুব্দ হয়ে তাকে অপরহণ করা হতে পারে।
এই অভিযোগে সিলেট নগরীর শাহপরান থানায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলায় নগরীর লিডিং ইউনিভার্সিটির সাবেক ছাত্র উৎপল সিংহ ও তাঁর বাবা-মাকে আসামী করা হয়েছে।
এই মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঐশীর পরিবারের মতো পুলিশেরও ধারণা, ক্ষুব্দ হয়ে সাবেক প্রেমিক অপহরণ করতে পারেন ঐশীকে।
ঐশীর কাকাতো ভাই, হামোম বুঙোচা সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উৎপল সিংহ নামে লিডিং ইউনিভার্সিটর এক ছাত্রের সাথে প্রেমের সম্পর্ক ছিলো ঐশীর। বছরখানেক আগে এই সম্পর্ক ভেঙ্গে গেলে ক্ষুব্দ হয়ে ওঠে উৎপল। এরপর থেকেই সে ঐশীকে মোবাইল ফোনে ও ফেসবুকে বিরক্ত করতে থাকেন। এমনকি হুমকিও দিতে থাকে।
হামোম বলেন, এতেও কোনো কাজ না হওয়ায় ঐশীর বাবা-মাকে ফোন করেও হুমকি দেয় উৎপল। তার সাথে ছাড়া অন্য কোথাও ঐশীর বিয়ে দেওয়া যাবে না বলেও হুমকি দেয় সে। এমনকি বিশ্ববিদ্যালয়ে ঐশীর বান্ধবীদেরও সে বিরক্ত করতো।
হামোম বলেন, আমি উৎপলের বাবার সাথে দেখা করে এসব অভিযোগ জানিয়েছিলাম। তবু কোনো কাজ হয়নি। উৎপলই আমার বোনকে অপরহণ করেছে, বলেন হামোম।
এ ব্যাপারে মামলা দায়েরের পর উৎপল ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জানান হামোম।
ঐশী ও উৎপল- দু'জনেরই এক বন্ধু জানান, ঐশীর সাথে উৎপলের প্রেমের সম্পর্ক ছিলো। ঘটনার দিন সন্ধ্যার সময় ঐশী ফোন করে তার এক বান্ধবীকে জানান, উৎপল তাকে কোথাও নিয়ে যাচ্ছে।
এরপর ওই বান্ধবী উৎপলের সাথেও ফোনে কথা বলেন। তখন উৎপল জানান, কাছেই ঘুরতে যাচ্ছেন দু'জন। রাত ১০ টার মধ্যে ওই বান্ধবীর বাসায় ঐশীকে ফিরিয়ে দেবেন বলে কথা দেন উৎপল।
এরপর থেকেই ঐশী-উৎপলের মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানান ওই বন্ধু।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্রী ঐশী হামোম গত ৭ নভেম্বর ক্যাম্পাস থেকে সুবিদবাজারে টিউশনীতে এসে তিনি আর ফিরেন নি। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে থাকেন।
মণিপুরী সম্প্রদায়ের বাসিন্দা ঐশী মৌলভীবাজারের কমলগঞ্জের সনাতন হামোমের মেয়ে। উৎপল হবিগঞ্জের উপেন্দ্র সিংহের ছেলে।
এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় উৎপলের বন্ধু ব্রজেন সিংহকে আটক করা হয়েছে। প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়ায়ই ঐশীকে উৎপল তুলে নিতে পারে বলে ধারণা ওসির।
তবে তাঁরা কোথাায় আছে এ ব্যাপারে এখন নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
আপনার মন্তব্য