শাবিপ্রবি প্রতিনিধি

০২ জানুয়ারি, ২০১৭ ১৭:০৪

বর্ধিত ফি বাতিলের দাবিতে শাবিতে বিক্ষোভ মিছিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ সেশনের স্নাতক প্রথম বর্ষ থেকে চালু হওয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে বর্ধিত ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা।

সোমবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় অর্জুনতলা থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য ভবনের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাস, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রুদ্র, সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, শাবি শাখার কমিটি সদস্য তৌহিদুজ্জামান জুয়েল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধীনে নতুন চালু হওয়া এই বিভাগে নির্ধারিত ফি ছাড়াও প্রতিটি সেমিস্টারে বিভাগ উন্নয়ন ফির নামে ৫০০০ টাকা নেয়া হচ্ছে যা পুরোপুরি অনৈতিক। অবিলম্বে এ ফি প্রত্যাহারের দাবি জানান তারা।

সমাবেশ শেষে উপাচার্যের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি দেন সংগঠনটির নেতা-কর্মীরা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়া বলেন, একটি স্মারকলিপি ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক বরাবর প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত