২৩ এপ্রিল, ২০১৫ ১৩:৩৮
বৃহস্পতিবার সকালে সিন্ডিকেট সভায় ১ মে থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল ইসলাম ভূঁইয়া ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত হলেও শিক্ষকদের আন্দোলনের মুখে শুক্রবার থেকেই ছুটিতে চলে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া সিণ্ডিকেট সভায় উপাচার্য আমিনুল ইসলাম ভূঁইয়া সৃষ্ট পরিস্থিতিতে ২ মাসের ছুটি চাইলে সিণ্ডিকেট ছুটি অনুমোদন করে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে তা পাঠিয়ে দেয়। ভিসির অনুপস্থিতিতে এই দুই মাস কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে এই সময়ের জন্য উপাচার্যের পূর্ন দায়িত্ব পালন করবেন বলেও এই সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
ছুটিতে যাওয়া প্রসঙ্গে উপাচার্য আমিনুল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের জানান, তিনি পরিবারকে সময় দিতেই ছুটিতে যাচ্ছেন, এই ছুটিতে যাওয়ার সাথে চলমান আন্দোলনের কোন সম্পর্ক নেই।
গত সোমবার শিক্ষকদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদ থেকে ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ডিরেক্টর লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল সহ ৩৫ শিক্ষক পদত্যাগ করেন।
তাঁদের পদত্যাগপত্র গ্রহণ না করে মঙ্গলবার ফরেষ্টি বিভাগের বিভাগীয় প্রধান নারায়ণ সাহাকে প্রধান করে ৫ সদস্যের সংলাপ কমিটি গঠন করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন উপাচার্য আমিনুল ইসলাম ভূঁইয়া।
কিন্তু সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভূদ্ধ শিক্ষক পরিষদ। বুধবার ১১টায় তাঁরা মানববন্ধনও পালন করেন। উপায়ান্তর না দেখে বৃহস্পতিবারই জরুরী সিণ্ডিকেট সভা আহবান করেন উপাচার্য। বুধবার রাতেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল এই সভা থেকেই ছুটিতে যাবেন তিনি। শেষ পর্যন্ত হলো তাই।
এদিকে আজও উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন আন্দোলনরত শিক্ষকরা। ছুটি নয় তাঁকে স্থায়ীভাবেই পদ ছেড়ে দেয়ার দাবি উঠলে পরিস্থিতি সামাল দিতে ১ মে'র পরিবর্তে শুক্রবার থেকেই তাঁকে ছুটিতে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়।
আপনার মন্তব্য