নিউজ ডেস্ক

২৪ এপ্রিল, ২০১৫ ১৫:০২

সিকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালনের সকল প্রস্তুতি সম্পন্ন

বিশ্ব ভেটোরিনারি দিবস পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। ইতোমধ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

২৫ এপ্রিল ২০১৫ রোজ শনিবার থেকে দুদিন ব্যাপী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গোলাম শাহি আলম।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। এ বছর দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- Vector-Borne Diseases with A Zoonotic Potential

শনিবার সকাল সাড়ে নটায় ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদ ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় শুরু হবে সেমিনার ও আলোচনা সভা।

উদ্বোধনী বক্তৃতা শেষে বাংলাদেশের বিশিষ্ট ভেটেরিনারিয়ানদের সম্মাননা দেয়া হবে। খোঁজ নিয়ে জানা যায় এ বছর সম্মাননা পাবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. মো: মনসুরুল আমিন এবং প্রাণি সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মো: হাবিবুর রহমান। প্রধান অতিথি সিকৃবির ভিসি প্রফেসর ড. মো: গোলাম শাহি আলম ছাড়াও বিশেষ অতিথি হিসেবে কাজী এগ্রো লিমিটেড বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ড. কাজী আবু সাঈদ, শ্রেষ্ঠ ফিড লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নওরোজ জাহিদ রহমান, এসিআই এনিম্যাল হেলথ লিমিটেড বাংলাদেশের বিজনেস ডাইরেকটর মোহাম্মদ শাহীন শাহ, প্রাণি সম্পদ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক ড. মো: নজরুল ইসলাম, সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের ড. হাফিজ এহসানুল হক, ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদ, সিকৃবির ডিন প্রফেসর ড. মো: আবু বকর সিদ্দীক এর উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

এদিকে বিশ্ব ভেটেরিনারি দিবসকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের প্রথম “ভেটেরিনারি অলিম্পিয়াড”। ভেটেরিনারি অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়। এ সময় চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। সাড়ে চারটায় বিশেষ ডকুমেন্টরি প্রদর্শনী এবং সন্ধ্যা সাড়ে ছটায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান করবে ভেটেরিনারি ছাত্র সমিতি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।

২৬ এপ্রিল রবিবার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিকের তত্ত্বাবধানে ক্যাম্পাসের আশে পাশের এলাকায় বাহক জনিত রোগে (ভেক্টর বর্ন ডিজিজ) আক্রান্ত প্রাণিদের ফ্রি চিকিৎসা দেয়া হবে।

এর মধ্যে উল্লেখযোগ্য চিকিৎসা আওতাধীন এলাকা হচ্ছে সিলেট নগরীর বালুচরের জোনাকী, ইসলামপুর-মেজরটিলার জাহানাবাদ আবাসিক এলাকা, টিলাগড়ের মিরাপারা এলাকা। এবছর বিশ্বভেটেরিনারি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব এলাহী।

আপনার মন্তব্য

আলোচিত