১৬ জানুয়ারি, ২০১৭ ১৭:৫১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের একটি কক্ষের তালা ভাংচুরের অভিযোগে শাখা ছাত্রলীগের দুই নেতাকে ওই হল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে তাদেরকে বহিষ্কার করে হল প্রশাসন। শাহপরাণ হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
বহিষ্কৃতরা হলেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. যুবায়ের এবং তথ্য ও গবেষণা সম্পাদক এমদাদুল হক মিলন। তারা দুজনই সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী।
হল সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর শাহপরাণ হলের ৪২৪ নম্বর কক্ষের তালা ভাঙেন তারা দুই জন। ঘটনাটি তদন্তে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের সিট বাতিল করে হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, আইন অনুযায়ী হল কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে সহযোগীতা করবেন তিনি।
শাহপরাণ হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন বলেন, এখন থেকে হলে যারা অবৈধভাবে থাকছেন কিংবা অপকর্ম করে যাচ্ছে তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা।
আপনার মন্তব্য