এমসি কলেজ প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি , ২০১৭ ২৩:০৫

বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজে বসন্তকে বরণ

ফাল্গুন এলেই বাঙালির মনে গুণগুণ করে ওঠে রবীন্দ্রনাথের সেই গান ‘আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়।'

এমসি কলেজে শিমুল গাছ নেই, বসন্তের ফুলও নেই। তাতে কি? 'মোহনা' তো আছে। এই সাংস্কৃতিক সংগঠনের হাত ধরেই সোমবার বসন্ত এলো এমসি'র ক্যাম্পাসে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া মোহনা সাংস্কৃতিক সংগঠনের বসন্ত বরণ উৎসব। একের পর এক গান, নৃত্যের উচ্ছাসে উদ্বেলিত হয়েছে কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী আর আগত দর্শনার্থীদের হৃদয়।

শুরু থেকে শেষ পর্যন্ত অপরূপা ক্যম্পাসে দর্শনার্থীদের উপস্থিতে ছিলো চোখে পড়ার মতো। গানের মুর্চনায় ক্যাম্পাস মুখরিত থাকলেও মঞ্চে ছিলো মোহনা শিল্পীদের কবিতা আবৃত্তি, কৌতুক আর অভিনয়।

বর্ণিল শোভাযাত্রায় শুরু হওয়া উৎসবে অধ্যাপক শামীমা চৌধুরী ও সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চালনায় মোহনা বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ। এসময় শিক্ষক পরিষদ সম্পাদক তোতিউর রহমানসহ কলেজ শিক্ষকবৃন্দ ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোহনা সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি ওলিউর রহমান সামি বলেন, কলেজের অধ্যক্ষ স্যারসহ সকল শিক্ষকদের আন্তরিক সহযোগীতায় এরকম সুন্দর ও সুশৃংঙ্খল অনুষ্ঠান হয়েছে। মোহনার এধরনের বসন্ত উৎসব ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দশ বছরের পথচলায় এবার পঞ্চমবারের মতো বসন্ত উৎসবের আয়োজন জানিয়ে সংগঠনটির সভাপতি শামস উদ্দিন শামস সিলেটটুডে'কে বলেন, ২০১২ সাল থেকে শুরু হওয়া বর্ণিল এ আয়োজন আমরা নিয়মিতভাবেই করে আসছি। প্রতিবারের এবারও সংস্কৃতি অঙ্গনের বর্ণাঢ্য ব্যক্তিবর্গ এসেছিলেন।

প্রতিষ্টাতা সদস্য ও প্রাক্তন সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মোহনা'র প্রত্যেক সদস্যই এ উৎসবের জন্য পরিশ্রম করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী, কলেজের সহযোগী সংগঠনগুলোর সহযোগীতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত