সিলেটটুডে ডেস্ক

১২ এপ্রিল, ২০২৬ ২২:৪৪

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের, ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

ইরানের ওপর চাপ আরও বাড়িয়ে এবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবিলম্বে অবরোধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় যেসব জাহাজ ইরানকে 'টোল' প্রদান করেছে, সেগুলোকে আটক বা গতিরোধ করার জন্য মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি এই ঘোষণা দিলেন।

ট্রাম্প তার পোস্টে জানান, দুই দেশের মধ্যকার বৈঠকটি 'ভালো হয়েছে' এবং 'অধিকাংশ বিষয়ে ঐকমত্য' অর্জিত হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই ট্রাম্প তার পোস্টে লেখেন, 'অবিলম্বে কার্যকর হতে যাচ্ছে— বিশ্বের সেরা মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করতে চাওয়া বা বের হতে যাওয়া সকল জাহাজ অবরোধের প্রক্রিয়া শুরু করবে।'

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ইরানের টোল আদায়ের তীব্র বিরোধিতা করে ট্রাম্প বলেন, 'আমি আমাদের নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় এমন প্রতিটি জাহাজ খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি, যারা ইরানকে টোল দিয়েছে। যারা এই ধরনের অবৈধ টোল পরিশোধ করবে, সমুদ্রপথে তাদের কোনো নিরাপদ যাতায়াতের সুযোগ থাকবে না।'

আপনার মন্তব্য

আলোচিত