০৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:২০
ভারতের অনেক মানুষের কাছেই যে কন্যাসন্তান জন্ম দেয়া এখনও 'পাপ', তা আরেকবার প্রমাণ করলো অন্ধ্রপ্রদেশ।
এবারের ঘটনা অবশ্য সন্তান জন্মের আগেই। জ্যোতিষী বলেছিলেন, গর্ভবতী স্ত্রীর কোলে আবার কন্যাসন্তান আসছে। এ কথা শুনেই ক্রোধে অন্ধ হয়ে যান অন্ধ্রপ্রদেশের নেল্লোরের এক ব্যক্তি। যথারীতি সমস্ত রাগ গিয়ে পড়ে স্ত্রী গিরিজার ওপর। শুরু হয় মারধর।
গিরিজার প্রতিপক্ষ স্বামী, শাশুড়ি ও ননদ। প্রতিদিন চলতে থাকে অত্যাচার। সর্বশেষ ভ্রুন হত্যার উদ্দেশ্যে গিরিজার পেটে এসিড ঢেলে খুন করার চেষ্টা করে শ্বশুর বাড়ির লোকেরা।
এতে গিরিজার পেটের ৩০ শতাংশ পুড়ে যায় এসিডে। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
উল্লেখ্য, গিরিজার দেড় বছরের একটি কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয়বার সন্তানসম্ভবা হন তিনি। ছেলে হবে না মেয়ে- এই নিয়ে একটা ডামাডোল চলে পরিবারের মধ্যে। গিরিজার অভিযোগ, স্বামী এবং শ্বশুর বাড়ির লোকদের দাবি- এবার পুত্র সন্তানই চাই।
তাই ছেলে হবে না মেয়ে হবে, তা জানতে এক জ্যোতিষীর কাছে হাজির হন গিরিজার স্বামী। জ্যোতিষী তাকে বলেন, গিরীজার কন্যাসন্তান হবে। মূলত এরপরই চরম অত্যাচার শুরু হয় গিরিজার ওপর।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। পুলিশ গিরিজার শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা রুজু করেছে। গ্রেফতার করা হয়েছে গিরীজার স্বামী এবং শ্বশুরকে।
আপনার মন্তব্য