শ্রীমঙ্গল প্রতিনিধি

১২ অক্টোবর, ২০২৬ ২১:৪২

মৌলভীবাজারে ১০২২টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মৌলভীবাজার জেলার ১ হাজার ২২টি পূজামণ্ডপে চলছে দেবী বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাক, ঢোল, শঙ্খ আর উলুধ্বনির মধ্য দিয়ে দেবীদুর্গাকে বরণ করে নেওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন সনাতনী ভক্তরা।

জেলা পূজা উদযাপন কমিটি সুত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলায় এবার সার্বজনীন ৮৯৮টি এবং ব্যক্তিগত ১২৪টিসহ মোট ১ হাজার ২২টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদরে ১১১টি, বড়লেখায় ১৪৬টি, জুড়িতে ৭৬টি, কুলাউড়ায় ২২৭টি, রাজনগরে ১৩৬টি, কমলগঞ্জে ১৫৪টি ও শ্রীমঙ্গলে ১৭২টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আগামী ১৬ অক্টোবর থেকে মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে পূজার মূল অনুষ্ঠান। ২১ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে জেলার প্রতিটি পূজা মন্ডপ এই উৎসব ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ বলেন, সব জায়গায় শেষ সময়ের চলছে পূজার প্রস্তুতি। প্রতিটি পূজা মণ্ডপ সৌন্দর্য বৃদ্ধির জন্য আয়োজকেরা বিরামহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। পূজা উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পূজা আয়োজনের জন্য প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে।

দুর্গাপূজার সার্বিক বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, জেলার সব পূজামণ্ডপের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, গুজব ও অপপ্রচার প্রতিরোধসহ পূজা-পূর্ববর্তী, পূজাকালীন এবং প্রতিমা বিসর্জনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে করণীয় ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে আলোচনা কর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।

আপনার মন্তব্য

আলোচিত