০৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২৬
কিছুদিন আগেই ভারতে স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটেছিলেন কালাহান্ডির দানা মাঝি। এবার মালকানগিরিতে সাত বছরের মৃত মেয়েকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে ৬ কিলোমিটার পথ হাঁটতে বাধ্য হলেন বাবা-মা!
মিথালি হাসপাতাল থেকে বর্ষা খেমেডু নামে অসুস্থ ওই শিশুকে নিয়ে মালকানগিরি জেলা হাসপাতালে যাচ্ছিলেন তার বাবা-মা। মাঝপথে অসুস্থ শিশুটির মৃত্যু হলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স থেকে তাঁদের জোর করে নামিয়ে দেন চালক।
বাধ্য হয়েই মৃত মেয়েকে বুকে নিয়ে বাড়ির পথ ধরেন বাবা-মা। পথে এই অমানবিক দৃশ্য দেখে ও ঘটনা জানতে পেরে প্রশাসনকে খবর দেন স্থানীয় জনতা। এরপর মরদেহ বহন করার জন্য আরেকটি গাড়ির ব্যবস্থা করা হয়। ততক্ষণে বর্ষার বাবা-মা হেঁটেছেন ছয় কিলোমিটার পথ!
যথারীতি এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ভারতজুড়ে। ঝড় উঠেছে নিন্দার। মুখ্য স্বাস্থ্য কর্মকর্তাকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক এবং তার সঙ্গে অ্যাম্বুলেন্সে থাকা অ্যাটেন্ডেন্ট ও ফার্মাসিস্টের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য