০৪ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৪৭
অবশেষে আনুষ্ঠানিকভাবে সন্ত বা সেইন্ট হিসেবে ঘোষিত হয়েছেন ভারতে মানবতার সেবায় জীবন উৎসর্গ করা প্রয়াত মাদার তেরেসা। ভ্যাটিকানের স্থানীয় সময় রোববার সিটির ক্যাথলিক চার্চ মাদার তেরেসাকে এ স্বীকৃতি প্রদান করে।
ভ্যাটিকান চার্চের সেইন্ট পিটার্স স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে পোপ ফ্রান্সিস, মাদার তেরেসাকে সন্ত ঘোষণা করেন। ওই অনুষ্ঠানে অন্তত ১০ হাজার মানুষ অংশ নেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
এদিকে মাদার তেরেসাকে সন্ত ঘোষণা করাকে কেন্দ্র করে ভারতের কলকাতায় তাঁর প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটিতেও অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কলকাতায় মিশনারিজ অব চ্যারিটির ১৯টি শাখা প্রতিষ্ঠান রয়েছে। এখানকার অনুষ্ঠানেও বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়।
মাদার তেরেসা ১৯৯৭ সালে মারা যান। মৃত্যুর পর তাঁর দুটি অলৌকিক ক্ষমতার ঘটনার কথা জানায় যায়। দুজন মৃত্যুপথযাত্রী ব্যক্তি মাদার তেরেসার নাম ধরে সুস্থ হয়ে ওঠেন। উল্লিখিত দুই ঘটনায় মাদার তেরেসার সন্ত হওয়ার প্রক্রিয়া এক ধাপ এগিয়ে দেয়। সেইন্ট হওয়ার জন্য অন্তত দুটি অলৌকিক ঘটনা থাকতে হয়।
আর্তমানবতার সেবার জন্য ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মাদার তেরেসা। ৮৭ বছর বয়সে ১৯৯৭ সালে মাদার তেরেসার মৃত্যু হয়। ২০০৩ সালে সন্ত হওয়ার প্রক্রিয়ার একটি ধাপে তাঁর নাম প্রথম ওঠে।
২০০২ সালে প্রথমবার মাদার তেরেসার অলৌকিক ক্ষমতার কথা জানায় ভ্যাটিকান। এতে বলা হয়, ভারতীয় এক নারীর দীর্ঘদিনের টিউমার সারাতে হাল ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরা। তখন মাদার তেরেসার ছবি রেখে প্রার্থনা করতে করতে সুস্থ হয়ে ওঠেন ওই নারী।
গত বছর মাদার তেরেসার দ্বিতীয় অলৌকিক ঘটনা প্রকাশিত হয়। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ব্রাজিলীয় বলেন, ২০০৮ সালে তাঁর টিউমার সেরেছে মাদার তেরেসার জন্য। ওই ব্যক্তি অবশ্য কোনো দিন মাদার তেরেসাকে দেখেননি।
আপনার মন্তব্য