সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৬ ২২:২৬

পাক বাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত, সীমান্তে ফের উত্তেজনা

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের রাজৌরি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পাক-ভারত সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে।

রোববার (১৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, পাক অধিকৃত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর সীমান্ত রেখায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের পরিমাণ বাড়িয়েছে পাকিস্তান। এর মধ্যে গত ৩, ৪ ও ৫ অক্টোবর জম্মুর সীমান্ত এলাকায় বড় ধরনের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনারা।

এর মধ্যে শুধুমাত্র ৫ অক্টোবরই অন্তত তিনবার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান সেনাবাহিনী। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুঞ্চ ও রাজৌরি জেলায় বেশ কয়েকটি ভারতীয় নিরাপত্তা চৌকিতে গুলি ও মর্টার শেল নিক্ষেপ করেছে পাকিস্তান।

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দুই দেশের মাঝে চলমান উত্তেজনায় আবারো প্রয়োজনে পাকিস্তানে ঢুকে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে ভারত।

আপনার মন্তব্য

আলোচিত