২০ এপ্রিল, ২০১৫ ০৪:১৯
ভূমধ্যসাগরে ৭০০ যাত্রী বহনকারী একটি জাহাজ (ভেসেল) ডুবে গেছে।
মাল্টার প্রধানমন্ত্রী তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, বহুজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ডুবন্তদের উদ্ধারে বড় ধরণের উদ্ধারাভিযান চলছে বলে জানিয়েছে ইতালির কোস্টগার্ড।
স্থানীয় সময় মধ্যরাতে ভেসেলটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। ৫০০ থেকে ৭০০ অভিবাসী ওই ভেসেলে থাকতে পারেন বলে অনুমান করছে ইতালিয়ান কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।
ইতালিয়ান জাহাজ, মাল্টার নৌ-বাহিনী ও বাণিজ্যিক জাহাজ দিয়ে উদ্ধারাভিযান পরিচালনা করা হচ্ছে। ইতালির লামপেদুসা দ্বীপের দক্ষিণে লিবিয়ান নৌ-সীমায় এ দূর্ঘটনা ঘটেছে।
ইতালিয়ান কোস্টগার্ডের মুখপাত্র বলেছেন, লামপেদুসা থেকে ১৩০ মাইল দূরের লিবিয়ান জলসীমায় উদ্ধারাভিযান চলছে। আগামী কয়েকঘন্টা পরই লাশ উদ্ধারের দিকে মনোযোগ দিতে হতে পারে উদ্ধারকারী দলকে।
টাইমস অফ মাল্টা লিখেছে, বাণিজ্যিক একটি জাহাজকে অতিক্রম করতে দেখে, বহু অভিবাসী দৌড়ে গিয়ে সেখানে উঠে। ফলে জাহাজটি মানুষে ভরপুর হয়ে উঠে। অতিরিক্ত যাত্রীর কারণেই এটি ডুবে গিয়ে থাকতে পারে।
এ পথ দিয়ে বহুদিন ধরে আফ্রিকা থেকে অভিবাসীরা ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমানোর চেষ্টা করছে। নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এখন পর্যন্ত বহুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আপনার মন্তব্য