নিউজ ডেস্ক

০৯ মে, ২০১৫ ০৮:৫০

৬ জুন ঢাকা আসতে পারেন নরেন্দ্র মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৬ জুন ঢাকায় আসতে পারেন। ভারতের পক্ষ থেকে আগামী ৬ ও ৭ জুন বাংলাদেশ সফরের প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে দুই দেশের মধ্যে সফরসূচিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নির্ধারণে কাজ চলছে।

এদিকে ছিটমহল বিনিময়ে সংবিধান সংশোধনের বিল ভারতের পার্লামেন্টে পাস হওয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার রাতে টেলিফোনে তাঁদের মধ্যে ১০ মিনিটের বেশি সময় কথা হয়েছে।
 
কূটনৈতিক সূত্রগুলো জানায়, নরেন্দ্র মোদি গত বছর প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ভারতের প্রধানমন্ত্রীও বাংলাদেশ সফরে আগ্রহী। তবে তিনি খালি হাতে আসতে আগ্রহী ছিলেন না। গত সপ্তাহে ভারতের সংসদে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল অনুমোদন হওয়ার পর একটি বড় বাধা কেটে গেছে।
 
জানা গেছে, নরেন্দ্র মোদি আজ শনিবার দুই দিনের সফরে কলকাতা যাচ্ছেন। এ সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক হবে। সে বৈঠকে ছিটমহলের বাসিন্দাদের পুনর্বাসনে আর্থিক প্যাকেজ সহায়তাসহ তিস্তা চুক্তি নিয়েও আলোচনা হতে পারে।
 
সূত্র আরো জানায়, মোদির আসন্ন বাংলাদেশ সফরকে দুই দেশের সম্পর্কে মাইলফলক ও স্মরণীয় করে রাখার চেষ্টা চলছে। ওই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও আলোচনা হচ্ছে।
 
দুই দেশের মধ্যে স্বাক্ষরের জন্য উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি, দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নবায়ন, অভ্যন্তরীণ নৌ প্রটোকল নবায়ন, সমুদ্র অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ মোকাবিলা, শিক্ষা, সংস্কৃতি খাতে সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। নতুন একটি ঋণচুক্তি স্বাক্ষরের কথাও রয়েছে। এ ছাড়া বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ভারতকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্দিষ্ট করে দেওয়ার বিষয়ে আলোচনা হবে। দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরো নিবিড় করতে এবার প্রথমবারের মতো প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হবে।
 
প্রসঙ্গত, স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রস্তাবে গত মঙ্গলবার সায় দেয় ভারতের মন্ত্রিসভা। পরদিন বাংলাদেশের সঙ্গে প্রতীক্ষিত সীমান্ত বিল পাস হয় ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায়। আর গত বৃহস্পতিবার লোকসভায় সীমান্ত বিল নামে পরিচিতি পাওয়া সংবিধান সংশোধনের ১১৯তম প্রস্তাব অনুমোদন পায়।

 

আপনার মন্তব্য

আলোচিত