আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০১৮ ১৫:২২

এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরালেন ট্রাম্প

এবার নিজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে পরিবর্তন আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এইচ আর ম্যাক মাস্টারকে সরিয়ে বুশ আমলে কূটনীতিক হিসেবে দায়িত্বপালন করা জন বোল্টনকে এই পদে নিয়োগ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে এক টুইটারবার্তায় ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সে টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আগামী ৪ এপ্রিল থেকে দায়িত্ব নেবেন বোল্টন। আর ম্যাকমাস্টার অসাধারণ দায়িত্ব পালন করেছেন। তাঁকে ধন্যবাদ।’ তিনি বলেন, তাঁরা আজীবন বন্ধু থাকবেন।

ট্রাম্প দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিনকে সরিয়ে ম্যাকমাস্টারকে দায়িত্ব দিয়েছিলেন। আর ১৪ মাসের মধ্যে এই পদে তৃতীয় দফায় পরিবর্তন এলো। জন বোল্টন হলেন সাবেক প্রেসিডেন্ট রেগান ও বুশ আমলের প্রতিরক্ষাকর্মী এবং জাতিসংঘের সাবেক মার্কিন দূত।

ফক্স নিউজে দেওয়া জন বোল্টনের সাক্ষাৎকারের বরাত দিয়ে বিবিসি জানায়, উত্তর কোরিয়া ও ইরানে আক্রমণ করার মতো সব প্রস্তুতি সম্পন্ন করতে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে দায়িত্ব দিচ্ছেন।

ট্রাম্প প্রশাসনে সম্প্রতি বেশ কয়েকটি রদবদল হলো। ম্যাকমাস্টারের আগে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করে সিআইএপ্রধান মাইক পম্পিওকে স্থলাভিষিক্ত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত