সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০১৮ ১৮:৩৮

ফ্রান্সে সন্ত্রাসী হামলায় একজন নিহত; জিম্মি ৮

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ত্রেবেসের একটি সুপারমার্কেটে এক বন্দুকধারীর হামলায় অন্তত একজন নিহত ও আটজনকে জিম্মি করে রাখা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২৩ মার্চ) বেলার ১১টা ১৫মিনিটে পার্বত্য শহর কারাকাসোনের অদূরে ছোট্ট শহর ত্রেবেসের ‘সুপার-ইউ’ নামে মার্কেটটিতে ঢুকে এ জিম্মি সংকট তৈরি করে ওই বন্দুকধারী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই ঘটনার আগে কারাকাসোন এলাকায়ই একজন পুলিশ কর্মকর্তাকে লক্ষ করে গুলি চালায় এক সন্ত্রাস। পুলিশ কর্মকর্তা তখন সহকর্মীদের সঙ্গে প্রাতঃভ্রমণে ছিলেন। এই স্থান থেকে গাড়িতে করে সুপারসপ ‘সুপার-ইউ’ যেতে সময় লাগে ১৫ মিনিট বলে জানিয়েছে পুলিশ।



ফ্রান্সের স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, দুটি ঘটনা একটি অপরটির সাথে সম্পৃক্ত কিনা তা এখনো বলা যাচ্ছে না। তবে আহত পুলিশ কর্মকর্তা এখন আশঙ্কা মুক্ত।  

ঘটনাটিকে ‘গুরুতর’ উল্লেখ করে প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপ বলেছেন, ঘটনাস্থলে ছুটে গেছে নিরাপত্তা বাহিনী। জিম্মি সংকট অবসানে অভিযানের প্রস্তুতিও নিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এলাকাটি একশো পুলিশ দিয়ে ইতিমধ্যে ঘেরাও করে রাখা হয়েছে। পুলিশ জিম্মিদের উদ্ধারে তৎপর বলে জানিয়েছেন স্থানীয় মেয়র।

মেয়রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, হামলাকারী নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) অনুগত বলে চিৎকার করছে।

এদিকে দেশটির সংবাদ মাধ্যম এল'ইনডিপেন্ডেন্ট জানায়, এই সন্ত্রাসী হামলায় ২জন বন্দুকধারী জড়িত আছে।

উল্লেখ্য, এর আগেও দেশটিতে বহুবার সন্ত্রাসী হামলা হয়েছে। এছাড়া ২০১৫ সালের নভেম্বরে রাজধানী প্যারিস ও সেন্ট-ডেনিসে একই সাথে সন্ত্রাসী হামলা শিকার হয়েছিলেন ১৩০ জন নাগরিক।

আপনার মন্তব্য

আলোচিত