সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

২৬ মার্চ, ২০১৮ ২৩:১৫

রাশিয়ার ৬০ কূটনীতিককে ট্রাম্পের বহিষ্কারাদেশ

রাশিয়ার ৬০ জন কূটনীতিককে নিজ দেশ থেকে বরখাস্ত করার আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া ওয়াশিংটন রাজ্যের সিয়াটলে রাশিয়ার কনস্যুলেট কার্যালয় বন্ধ করারও নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

সোমবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়। জানা যায়, বহিষ্কৃত ৬০ কূটনীতিকের মধ্যে ৪৮ রাশিয়ান দূতাবাস ও ১২ জন জাতিসংঘে কর্মরত।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টে জানানো হয়, যুক্তরাজ্যে সাবেক রুশ গোয়েন্দা কর্মকর্তা স্ক্রিপাল ও তার মেয়েকে নার্ভ গ্যাসের মাধ্যমে হত্যার চেষ্টার জন্য রাশিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ একাধিক দেশ। তারই জের ধরে ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিশেষজ্ঞরা এটাকে রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্প সরকারের নেওয়া সবচেয়ে ‘বেপরোয়া সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার এ হামলা রাসায়নিক অস্ত্র কনভেনশন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্যের মাটিতে রাশিয়া ‘রাসায়নিক অস্ত্র’ ব্যবহার করেছে। আর এরই পরিপ্রেক্ষিতে ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। দেশটির এ সিদ্ধান্ত রাশিয়ার গোয়েন্দাবৃত্তি কমাতে সাহায্য করবে এবং দেশটির নিরাপত্তাও ঝুঁকিমুক্ত করবে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে আরো ভালো সম্পর্ক গড়ার ক্ষেত্রে তারা প্রস্তুত। তবে রাশিয়ার সরকারের ব্যবহার বদলালেই কেবল তা সম্ভব।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার এ হামলা রাসায়নিক অস্ত্র কনভেনশন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

গত ৪ মার্চ সাবেক রুশ গুপ্তচর সার্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে যুক্তরাজ্যের একটি পার্ক থেকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করা হয়। এঘটনার পর ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত