৩০ মার্চ, ২০১৮ ১২:৩৯
থাইল্যান্ডের পশ্চিম সীমান্তে মিয়ানমার থেকে আসা অভিবাসী শ্রমিক বোঝাই একটি বাসে আগুন লেগে ২০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মার্চ) ভোরে মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে প্রবেশের কিছুক্ষণ পরই বাসটিতে আগুন লাগে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈধভাবে থাইল্যান্ডে কাজ করতে যাচ্ছিল এমন ৪৭ জন যাত্রী নিয়ে বাসটি সীমান্ত অতিক্রম করার পরই তাতে আগুন ধরে যায়। এ ঘটনায় তিন যাত্রী আহত হয়েছে। বাকিরা দ্রুত বাস থেকে নামতে পারায় কোনো ক্ষতি হয়নি।
বাসটির চালকের বরাত দিয়ে তাক প্রদেশের মায়েটর জেলার পুলিশ কর্মকর্তা কৃতকানক দ্যান-উদাম বলেন, ‘তিনি (চালক) দেখতে পান বাসটির মাঝখানে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।’
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী লিবিয়ার পরই থাইল্যান্ডের রাস্তাঘাট সবচেয়ে ভয়ংকর।
প্রসঙ্গত, থাইল্যান্ডে ৩০ লাখের বেশি অভিবাসী শ্রমিক রয়েছে। যার বেশিরভাগই পার্শ্ববর্তী অপেক্ষাকৃত দরিদ্র দেশ মিয়ানমারের নাগরিক।
আপনার মন্তব্য