২৮ ফেব্রুয়ারি , ২০১৯ ১৩:৩২
নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে হামলা চালানোর সময় বিমান ভূপাতিত হয়ে পাকিস্তানের হাতে আটক হওয়া ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন ভালো আছেন বলে জানিয়েছেন তার বাবা ভার্থমান।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভারত সরকারের পক্ষ থেকে অভিন্দনের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর এক বিবৃতিতে তিনি একথা জানান বলে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে।
সার্বিক সহায়তার জন্য সরকার ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান ভার্থমান। তিনি ছেলের জন্য গর্বের কথা জানান।
অভিনন্দনের বাবা বিবৃতিতে বলেন, তোমাদের সবাইকে ধন্যবাদ। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তার অশীর্বাদের জন্য। অভি জীবিত আছে। সে আহত হয়নি; মানসিকভাবে খুব শক্তিশালী আছে। সে একজন সত্যিকারের সেনার মতো কথা বলেছে। আমরা তার জন্য গর্ব অনুভব করছি। আমরা গর্বিত।
বিবৃতিতে ভার্থমান বলেন, তার মাথার ওপর আপনাদের সবার আশীর্বাদ আছে; নিরাপদে তার ফিরে আসার জন্য প্রার্থনাও আছে। এমন মুহূর্তে পাশে থাকার জন্য ধন্যবাদ।
গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলায় অন্তত ৪০ জন জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে। তবে পাকিস্তান সরকার তা অস্বীকার করে আসছে।
এরই মধ্যে পুলওয়ামা হামলার জবাব দিতে মঙ্গলবার ভোররাতে পাকিস্তানের ভেতরে অভিযান চালায় ভারত। সেখানে তাদের অভিযানে ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি ভারতের। তবে পাকিস্তান তা প্রত্যাখ্যান করেছে।
দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে বুধবার ভারতের পক্ষ থেকে পাকিস্তানের একটি এবং পাকিস্তানের পক্ষ থেকে ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি করা হয়।
এরপর প্রথমে ভারতের দুইজন পাইলট এবং তার কয়েক ঘণ্টার মধ্যে দুইজন নয় একজন পাইলটকে আটকের কথা জানায় পাকিস্তানের সেনাবাহিনী। এক ভিডিওতে পাইলটক অভিনন্দনকে রক্তাক্ত অবস্থায় দেখা গেলেও পরের ভিডিওতে তাকে স্বাভাবিক অবস্থায় চা পান করতে দেখা যায়। অভিনন্দন নামের ওই পাইলটকে অবিলম্বে ফেরত চেয়েছে ভারত।
বিষয়টি নিয়ে বিকেলে টেলিভিশনে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এসময় তিনি পুলাওয়ামাকাণ্ড নিয়ে পাকিস্তান যদি কোনওভাবে জড়িত থাকে তার তদন্ত করা হবে জানিয়ে ভারতের উদ্দেশে বলেন, আসুন আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধান করি।
সংকট নিরসনে দেশের নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যতদ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ।
আপনার মন্তব্য