১০ আগস্ট, ২০২০ ১৩:৫৭
বরগুনার বামনা উপজেলায় বহু মানুষের সামনে ওসি কর্তৃক লাঞ্ছনার শিকার এএসআইকে বামনা থানা থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম বলেন, ওই এএসআইকে অন্যস্থানে পদায়নের জন্য থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্তের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৮ আগস্ট) রাত ১১টার দিকে ভুক্তভোগী ওই এএসআইকে পুলিশ লাইনে সংযুক্ত করার জন্য নির্দেশ দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর পরপরই এর জন্য দাপ্তরিক কাজ শুরু হয়।
ভুক্তভোগী ওই সহকারী উপপরিদর্শক (এএসআই) বলেন, ‘রাতে পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার জন্য আমাকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন। এ জন্য আমি প্রস্তুতি নিচ্ছি।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘তবে কেন বা কী কারণে আমাকে সেখানে সংযুক্ত করা হয়েছে, তা আমি এখনো অবগত নই।’
অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী ওই এএসআইকে সুন্দর পরিবেশে কাজ করার সুযোগ করে দিতে চাই। এই মুহূর্তে তার বামনা থানায় কাজ করার অনুকূল পরিবেশ নেই। খুব অল্প সময়ের মধ্যে তাকে অন্যত্র পদায়ন করা হবে।’
কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের মৃত্যুর পর তার সহকর্মী কারাবন্দি শাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবির শনিবার (৮ আগস্ট) বামনায় মানববন্ধন করে শিক্ষার্থীরা। সেই মানববন্ধন পণ্ড করার সময় কর্তব্যরত এক এএসআইকে চড় মারেন বামনা থানার ওসি ইলিয়াস হোসেন।
এদিকে এএসআইকে চড় মারার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়।
আপনার মন্তব্য