২৭ আগস্ট, ২০২০ ২০:৫৯
কভিড-১৯-এর প্রকোপ না কমার কারণে যদি এবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা নেয়া সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প মূল্যায়ন পদ্ধতি নিতে চায় সরকার। সেই পদ্ধতিটি কী হতে পারে তার প্রস্তাব তৈরি করতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এছাড়া মাধ্যমিকের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে তুলতে বিকল্প কোন পদ্ধতিতে মূল্যায়ন করা যায়, সেই প্রস্তাব তৈরি করতে ঢাকা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থা প্রধানদের সঙ্গে এ সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় শিক্ষামন্ত্রী এসব নির্দেশনা দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি কী হতে পারে সে বিষয়ে একটি প্রস্তাব তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইন কার্যক্রম আরও ফলপ্রসূ করার ওপরও সভায় গুরুত্ব আরোপ করা হয়।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান এই সভায় যুক্ত ছিলেন।
গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা স্থগিত রয়েছে। এছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে গত ১৮ মার্চ থেকে। আজ বৃহস্পতিবার সেই ছুটির মেয়াদ ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এরই মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা (পিইসি) এবং অষ্টমের জেএসসি-জেডিসি পরীক্ষা এবছর হবে না বলে জানিয়ে দেয়া হয়েছে।
আপনার মন্তব্য