০৪ সেপ্টেম্বর, ২০২০ ০১:৫৬
দুর্বৃত্তদের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত এই অস্ত্রোপচার চলে।
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ওই অস্ত্রোপচার হয়। হাসপাতালটির উপপরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাকে আইসিইউতে অবজারভেশনে রাখা হয়েছে। আগের চেয়ে অবস্থা কিছুটা উন্নতি বলা যায়, তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন।
ডা. বদরুল আলম বলেন, অস্ত্রোপচার সফল হয়েছে কিনা সেটা বলতে সময় লাগবে।
এর আগে, রাত ৯টার দিকে ইউএনও ওয়াহিদাকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তার আগে সিটিস্ক্যান করা হয়। প্রেসার স্বাভাবিক থাকায় তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
উল্লেখ্য, বুধবার রাতে ঘোরাঘাটে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে তার ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। উভয়েরই শরীর ও মাথায় আঘাত লেগেছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে। হাতুড়ি কিংবা ভারী কোনো বস্তু দিয়ে তাদের আঘাত করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় বৃহস্পতিবার প্রথমে তাদের রংপুরের একটি বেসরকারি মেডিকেলে ভর্তি করা হয়। পরে দুপুরে ইউএনও ওয়াহিদা খানমকে বিমান বাহিনীর হেলিকপ্টার ঢাকায় আনা হয়। তার বাবা রংপুরে চিকিৎসাধীন।
আপনার মন্তব্য