সিলেটটুডে ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৫২

আট পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে সমর চৌধুরীর মামলা

আট পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন সেই শিক্ষানবিস আইনজীবী সমর কৃঞ্চ চৌধুরী। সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে এই মামলা করেন তিনি। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

আসামিরা হলেন- বোয়ালখালী থানার সাবেক ওসি হিমাংশু কুমার দাশ, এসআই মো. আতিক উল্ল্যা, এসআই আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) মাহবুবুল আলম আখন্দ, এসআই আবু বক্কর সিদ্দিকী, এসআই রিপন চাকমা, এএসআই আলাউদ্দিন, এসআই দেলোয়ার হোসেন, লন্ডন প্রবাসী সঞ্জয় দাশ, তার কেয়ারটেকার সজল দাশগুপ্ত এবং স্থানীয় ওয়ার্ডের চৌকিদার দিদারুল আলম।

মামলার আর্জি থেকে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জের ধরে থানার পুলিশ সদস্যদের ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সঞ্জয় দাশ। তিনিও এই মামলার আসামি।

বিজ্ঞাপন

২০১৮ সালের ২৭ মে সমর চৌধুরীকে তার নিজ বাড়ি থেকে ৩৬০ পিস ইয়াবা ও একটি অস্ত্রসহ গ্রেপ্তার করে বোয়ালখালীর পুলিশ। তাকে ‘ফাঁসাতে’ তার হাতে ইয়াবা ও বন্দুক ধরিয়ে ছবি তোলে পুলিশ। এরপর ইয়াবা ও অস্ত্র উদ্ধারের মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

তার পরিবার দাবি করে, পুলিশ সমর চৌধুরীকে নগরীর জহুর হকার্স মার্কেট থেকে তুলে নিয়ে ৩৬০টি ইয়াবা ও একটি অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেয়।

গণমাধ্যমকে সমর চৌধুরী জানান, সে সময় বোয়ালখালী ওসির কক্ষের সামনে তাকে দাঁড় করিয়ে সঞ্জয় দাশ ও অন্য পুলিশ সদস্যরা মিলে তার হাতে অস্ত্র দিয়ে ছবি তোলে। যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় পুলিশ।

গ্রেপ্তারের পর শার্টের পকেটে কলম, হাতে অস্ত্র ধরে থাকা সমর চৌধুরীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসলে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

এরপর ২০১৮ সালের ২৪ জুন মাদক মামলা ও ১০ জুলাই অস্ত্র মামলায় আদালত থেকে জামিন পান সমর চৌধুরী। ১২ জুলাই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত