২২ সেপ্টেম্বর, ২০২০ ১২:১১
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ালো।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ফতুল্লার নিউখানপুর ব্যাংক কলোনির আনোয়ার হোসেনের ছেলে মো. সিফাত (১৮) এর মৃত্যু হয়।
এর আগে, গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় সকালে আব্দুল আজিজ এবং দুপুরে ফরিদ নামে আরও দুজনের মৃত্যু হয়। এই ঘটনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কেবল একজন।
বিজ্ঞাপন
এছাড়া পটুয়াখালীর চুন্নু মিয়ার ছেলে মোহাম্মদ কেনান (২৪) এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসিরহাট গ্রামের আবদুল আহাদের ছেলে আমজাদ (৩৭) এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, সিফাতের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল, শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।
এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন।
আপনার মন্তব্য