সিলেটটুডে ডেস্ক

১১ অক্টোবর, ২০২০ ২১:৪০

ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা

ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী ড. গোলাম মোস্তফা।

গত ৯ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে ওয়াসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রশিদ সরকার মারা গেলে পদটি শূন্য হয়।

উল্লেখ্য, প্রকৌশলী ড. গোলাম মোস্তফা ইতোপূর্বে ২০০৯-১২ মেয়াদে আরও একবার ঢাকা ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

১৯৫৩ সালে ঝিনাইদহের শৈলকুপায় জন্মগ্রহণকারী প্রকৌশলী ড. গোলাম মোস্তফা পেশায় একজন পুরকৌশলী। এসএসসি ও এইচএসসি পরীক্ষার মেধাতালিকায় যশোর বোর্ডে যথাক্রমে ৮ম ও ৩য় স্থান অধিকার করে পরে তিনি বুয়েট ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কোতে প্রকৌশল বিষয়ে লেখাপড়া করেন।

সেতু হাইড্রোলজির ওপর উচ্চতর গবেষণার মাধ্যমে তিনি ১৯৮১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি উপদেষ্টা প্রকৌশলী হিসেবে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এবং এশীয় উন্নয়ন ব্যাংকের স্টাফ কনসালট্যান্ট হিসেবে দীর্ঘ কর্মজীবন শেষে বর্তমানে অবসর জীবনযাপন করছেন।

দেশে-বিদেশে বিভিন্ন সাময়িকী ও পত্রপত্রিকায় তার ৭০টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি দীর্ঘ ১৬ বছর বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ড. গোলাম মোস্তফা দুই কন্যাসন্তানের জনক। তার স্ত্রী প্রফেসর ড. দিল আফরোজা বেগম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সদস্য।

আপনার মন্তব্য

আলোচিত