০৮ নভেম্বর, ২০২০ ১৪:২১
বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আধুনিকায়নে এবার যুক্ত হলো দুইটি এম আই একাত্তর হেলিকপ্টার।
রোববার (৮ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিজিবি এয়ার উইং-এর দুটি অত্যাধুনিক এমআই ৭১ ই হেলিকপ্টার ‘বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ’ এবং ‘বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সীমান্ত সুরক্ষায় নিয়োজিত এই বাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেন।
শেখ হাসিনা বলেন, স্থলসীমানা চুক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭৪ সালে করে যান। আইনও তিনি পাস করে যান। কিন্তু ভারত তখনো করেনি। পঁচাত্তরের পর জিয়াউর রহমান, এরশাদ বা খালেদা জিয়া যারাই ক্ষমতায় এসেছে তারা কখনোই আমাদের এই সীমান্তচুক্তি বাস্তবায়ন অথবা সীমান্ত নির্দিষ্ট করতে কখনো উদ্যোগ গ্রহণ করেনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমি প্রথমবার যখন আসি তখন থেকে উদ্যোগ গ্রহণ করি এবং ভারতের পার্লামেন্টে সকল দল মিলে তা পাস করে দিয়েছে। এখন আমাদের সীমান্ত সুনির্দিষ্টভাবে নির্দেশ করা হয়েছে। আমাদের সীমান্তগুলো সুরক্ষার জন্য এখন আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।
তিনি বলেন, বিজিবিতে হেলিকপ্টার সংযোজনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজিবি এয়ার উইংয়ের এই যাত্রা বিজিবির সার্বিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আমার বিশ্বাস।
এ সময় ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের অরক্ষিত সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আপনার মন্তব্য