১৮ নভেম্বর, ২০২০ ১৫:৫৫
ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
বুধবার (১৮ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করেন।
সাক্ষীরা হলেন নূর মোহাম্মদ তালুকদার ও সৈয়দ আবুল কালাম। তাদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ২৫ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পারভেজ ভূইয়া এতথ্য নিশ্চিত করেন।
মামলাটিতে চার্জশিটভূক্ত ৩৪ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।
এ মামলার আসামিরা হলেন মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহা (৩৪), মো. আরাফাত রহমান (২৪), শাফিউর রহমান ফারাবী (২৯), সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এবং আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আবদুল্লাহ।
২০১৯ সালের ১ আগস্ট ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। ২০১৯ সালের ১১ এপ্রিল একই আদালতের বিচারক মো. মজিবুর রহমান অভিযোগপত্র গ্রহণ করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বই মেলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়।
আপনার মন্তব্য