২৮ এপ্রিল, ২০২১ ১৩:১৪
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের চালানো তাণ্ডবের এক মাস পূর্ণ হওয়ার পরদিন জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আলাউদ্দিন চৌধুরীকেও বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) বদলি করে আদেশ জারি করে পুলিশ সদর দপ্তর।
এর আগে সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আবদুর রহিমকে রংপুর রেঞ্জে সংযুক্ত করে পুলিশ সদর দপ্তর থেকে বদলির আদেশ দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বদলির বিষয়টি নিশ্চিত করে জানান, এটি নিয়মিত বদলি। তবে বুধবারের (২৮ এপ্রিল) মধ্যেই তাকে (আলাউদ্দিন চৌধুরী) ব্রাহ্মণবাড়িয়া থেকে বিদায় নিতে হবে।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালান হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে পুলিশ সুপারের কার্যালয়, সদর থানার ২ নম্বর ফাঁড়ি, সিভিল সার্জনের কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, সদর উপজেলা ভূমি অফিস ও জেলা গণগ্রন্থাগারসহ সরকারি-বেসরকারি বেশ কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এসব ঘটনায় ৫৫টি মামলা করা হয়েছে।
আপনার মন্তব্য