সিলেটটুডে ডেস্ক

১১ এপ্রিল, ২০২২ ১৩:০৭

বিজয় দিবসে স্বপ্নের মেট্রোরেলে চড়বে ঢাকাবাসী

বিজয় দিবসেই রাজধানীর বুকে চলবে দেশের প্রথম মেট্রোরেল। চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। ভাড়া দিতে হবে ৭৫ টাকা। উদ্বোধনের জন্য দিয়াবাড়ি স্টেশনে শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়।

রোববার (১০ এপ্রিল) সকালে মেট্রোরেলের প্রথম স্টেশন উত্তরা এসে পরীক্ষামূলক সাইনেজ কার্যক্রম পরিদর্শন করেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক।

সিড়ি, চলন্ত সিড়ি আর বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য থাকবে লিফট। থাকবে বিশ্রামাগার।

পরিদর্শন শেষে ব্যবস্থাপনা পরিচালক জানান, কিছুদিনের মধ্যেই বসবে চূড়ান্ত সাইনেজ। উত্তরা থেকে আগারগাঁও যাত্রা শুরু হবে বিজয়ের দিনে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ভাড়া নির্ধারণের জন্য সরকার একটা কমিটি করেছে। আমরা সেই কমিটির কাছে মেট্রোরেল আইন এবং মেট্রোরেল বিধিমালাতে যে বিষয়গুলো বলা আছে তার ওপর ভিত্তি করে আমরা একটা প্রপোজাল সেই কমিটির কাছে পাঠিয়েছি। আমাদের ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে আমরা বাণিজ্যিক চলাচল শুরু করতে চাই। এটা আমরা বিবেচনায় রেখে কিন্তু আমাদের কাজকর্ম করে যাচ্ছি।

এমআরটি লাইন ৬ এ ভূমি অধিগ্রহণ, বর্ধিত অংশ নির্মাণসহ পাঁচটি খাতে সাড়ে এগারো হাজার কোটি টাকা খরচ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মোট খরচ দাঁড়াচ্ছে ৩৩ হাজার ৪৭০ কোটি টাকা।

এম এ এন ছিদ্দিক বলেন, পাঁচটি প্রধান খাত এটাতে যোগ হয়েছে। তার ভেতরে হলো ভূমি অধিগ্রহণ, এটি প্রধান খাত। এছাড়াও ৫ হাজার টাকার অধিক খাত সে জায়গাগুলোতে আছে। আরও আছে আমাদের প্রাইস স্কেলেশনের জন্য, সিডি ভ্যাটের জন্য, আইটি ভ্যাটের জন্য। এই যে মূল খাতগুলো আছে তাতে অর্থ যোগাতে ৩৩ হাজার ৪৭০ কোটি টাকার প্রস্তাব আমরা পাঠিয়েছি।

উত্তরা থেকে মতিঝিল চালু হবে ২০২৩ সালের ডিসেম্বরে।

আপনার মন্তব্য

আলোচিত