সিলেটটুডে ডেস্ক

১৮ এপ্রিল, ২০২২ ১৪:২১

জুড়ীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণের উদ্যোগ এলজিইডি’র, পরিবেশ ক্ষতির আশঙ্কা

মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনের ভেতরে রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় কাজ বন্ধ রাখতে বন বিভাগের পক্ষ থেকে এলজিইডির কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, রাস্তাটি নির্মাণ করা হলে বনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এলজিইডি ও বন বিভাগ সূত্রে জানা গেছে, লাঠিটিলা এলাকায় লাঠিছড়া থেকে লালছড়া হয়ে রুপাছড়া পর্যন্ত কাঁচা সড়কের শুরু থেকে এক কিলোমিটার জায়গা পাকাকরণ কাজের জন্য এলজিইডি দরপত্র আহ্বান করে। প্রায় ৯৬ লাখ টাকা ব্যয়ে ‘প্যারাডাইস কনস্ট্রাকশন’ নামের স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। কার্যাদেশ অনুযায়ী, ২ এপ্রিল থেকে কাজ শুরুর কথা ছিল। ২৯ সেপ্টেম্বরের মধ্যে তা সম্পন্ন হওয়ার কথা। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান সম্প্রতি কাজের জন্য সড়কের পাশে ইট স্তূপ করতে শুরু করে। পরে বন বিভাগের লোকজন খোঁজ নিয়ে রাস্তায় কাজ করানোর বিষয়টি জানতে পারেন।

এরপর বন বিভাগের স্থানীয় লাঠিটিলা বিটের ফরেস্টার সালাহ উদ্দিন এ ব্যাপারে এলজিইডির উপজেলা কার্যালয়ের প্রকৌশলীর কাছে একটি চিঠি দেন। ওই চিঠিতে সংরক্ষিত বন এলাকায় কোনো ধরনের উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন না করার বিষয়ে অনুরোধ জানানো হয়। এ ছাড়া রাস্তাটির কাজের দরপত্র আহ্বানের আগে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো পরামর্শ বা অনুমতি নেওয়া হয়নি বলে উল্লেখ করা হয়। তাই অনতিবিলম্বে কাজ বন্ধ রাখতে বলা হয়।

বন বিভাগ জানায়, লাঠিটিলা বনের আয়তন ৫ হাজার ৬৩০ দশমিক ৪০ একর। সেখানে প্রাকৃতিক বন, সৃজিত বিভিন্ন ধরনের বনজ গাছের বাগান, বাঁশমহাল ও বিভিন্ন ধরনের বন্য প্রাণী আছে। এটি সমৃদ্ধ বনাঞ্চল।

বন বিভাগ জানায়, বনভূমির মধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণসংক্রান্ত বিষয়ে ২০১৮ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বৈঠক হয়েছিল। ওই বৈঠকে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে বন বিভাগের মাধ্যমে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়ার কথা বলা হয়। এ ছাড়া সব উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত ও নিরাপত্তার বিষয় বিবেচনায় রাখতে বলা হয়। পরে সভার কার্যবিবরণীর বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান প্যারাডাইস কনস্ট্রাকশনের মালিক সাইদুল ইসলাম বলেন, সব প্রস্তুতি থাকলেও সৃষ্ট জটিলতার কারণে তারা কাজ শুরু করতে পারছেন না। এতে তারা দুশ্চিন্তায় পড়ে গেছেন।

বন বিভাগের জুড়ীর রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, লাঠিটিলা বনে রাস্তার কাজের ব্যাপারে তাদের কাছ থেকে আগে কোনো অনুমতি নেওয়া হয়নি। এ ছাড়া রাস্তাটি হলে ওই এলাকার পুরোনো সেগুনবাগান রক্ষা করা কঠিন হয়ে পড়বে। কাঠ চোরাকারবারিদের তৎপরতা বেড়ে যাবে। এ কারণে তারা কাজ বন্ধ রাখতে চিঠি দিয়েছেন।

তবে এলজিইডির উপজেলা কার্যালয়ের প্রকৌশলী আবদুল মতিন বলেন, রাস্তাটি যে বন এলাকায় পড়েছে, সেটি তারা আগে জানতেন না। পরিবেশ, বন ও জলবায়

পরিবর্তন বিষয়ক মন্ত্রী স্থানীয় মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) আসনের সাংসদ মো. শাহাব উদ্দিনের অনানুষ্ঠানিক চিঠির (ডিও লেটার) পরিপ্রেক্ষিতে রাস্তাটির কাজের উদ্যোগ নেওয়া হয়। মন্ত্রীর পরামর্শ অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত