কুলাউড়া প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০২২ ১৪:২৭

চাতলাপুর চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ, ভোগান্তি

মৌলভীবাজারের কুলাউড়া চাতলাপুর চেকপোস্ট দিয়ে কোনো যাত্রী ভারতে যাতায়াত করতে পারছেন না। অন্যদিকে ভারতের কৈলাশহরের মনু স্থল চেকপোস্টে বাংলাদেশি ভিসাধারী যাত্রীরা অপেক্ষা করলেও চাতলাপুর চেকপোস্ট তাদের গ্রহণ করছে না।

এতে দুর্ভোগে পড়েছেন দুইপাশে থাকা যাত্রীরাই। কর্তৃপক্ষ বলছে ইমিগ্রেশন থেকে কোনও পত্র না পাওয়াতে তারা পারাপার বন্ধ রেখেছেন।

করোনা সংক্রমণের কারণে টানা দুই বছর ভারতের সঙ্গে বাংলাদেশের চেকপোস্ট দিয়ে যাতায়াত বন্ধ ছিল। গত ১ এপ্রিল ভারত ও বাংলাদেশের সব চেকপোস্ট দিয়ে যাতায়াত শুরু হয়েছে।

এ বিষয়ে চাতলাপুর চেকপোস্টের অভিবাসন কর্মকর্তা এসআই মোহাম্মদ ছামিউল জানান, এ পথে যাত্রী যাতায়াত শুরু করতে তিনি কোনো লিখিত নির্দেশনা পাননি। তাই যাত্রীদের বহির্গমনের অনুমতি দিচ্ছেন না ও ভারতীয় যাত্রীদেরও গ্রহণ করছেন না।

সম্প্রতি ভারতের হাই কমিশনার সিলেট ভিসা কেন্দ্র থেকে চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াতের ভিসা পেলেও ব্যবসায়ী আব্দুস শুকুর ভারতে যেতে পারেননি।

তিনি বলেন, ‘দেশের সব চেকপোস্ট দিয়ে যাত্রীরা ভারতে যেতে পারছেন। অথচ ব্যাংকে ভ্রমণ কর জমা দিয়ে চেকপোস্টে গেলে অভিবাসন কর্মকর্তা ভারতে যেতে দেননি। শুধু এ পথেই ভারতে যেতে দেওয়া হচ্ছে না।’

চাতলাপুর চেকপোস্টের ওপারে ভারতের কৈলাশহরের মনু চেকপোস্ট। জিরো পয়েন্টে ওই চেকপোস্টের কর্মকর্তা নিরঞ্জন মজুমদার এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সব চেকপোস্ট দিয়ে দুই দেশের ভিসাধারী যাত্রীদের যাতায়াত শুরু হয়েছে। তাদের অফিসে বাংলাদেশি ভিসাধারী যাত্রী আসছেন। কিন্তু চাতলাপুর চেকপোস্ট যাত্রীদের গ্রহণ করবে না বলে জানিয়েছে। এ জন্য তাদের বহির্গমনের অনুমতি দেওয়া হচ্ছে না।

মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা আব্দুল হাই জানান, ইমিগ্রেশন থেকে অনুমতি পেলেই যাত্রীদের যাতায়াত চালু করা হবে। দু’দেশের সার্ভারে কাজ করা শুরু হলেই কেবল যাত্রী পারাপার শুরু হবে।

আপনার মন্তব্য

আলোচিত