১৯ এপ্রিল, ২০২২ ১৩:৫২
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেনে, একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ব্যর্থ হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটা ঘটনা দেখলাম। এতে দেখা যাচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার নানারকম চেষ্টা করছে। যখন তারা ব্যর্থ হচ্ছে, তখন তারা কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটনা ঘটাচ্ছে। যেগুলোতে তারা আবার এক ধরনের সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি, এই অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।
তিনি আরও বলেন, আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শিক্ষকদের প্রতি মানুষের সম্মান-শ্রদ্ধাবোধ রয়েছে। শিক্ষকদের সজাগ থাকার অনুরোধ রইলো। এসব ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্তরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আপনার মন্তব্য