২৬ এপ্রিল, ২০২২ ১৩:৫৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটা মানুষ যখন জন্মগ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কীভাবে জন্ম দেবেন, কেউ বলতে পারেন না। তৃতীয় লিঙ্গের বলে কাউকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে এটা কিন্তু আমাদের ধর্মে বলা নেই। তারাও পরিবারেরই অংশ, পরিবারেরই একজন। ভবিষ্যতে এমন কোনও শিশু জন্ম নিলে সে পরিবার থেকে বিচ্ছিন্ন হবে না। সে পরিবারের একজন হিসেবেই জীবনযাপন করবে।’
মঙ্গলবার (২৬ এপ্রিল) দেশের চারটি উপজেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহহীনদের উপহারের ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তৃতীয় ধাপে নির্মাণাধীন একক ঘরের সংখ্যা ৬৫ হাজার ৬৭৪টি। এর মধ্যে ৩২ হাজার ৯০৪টি হস্তান্তর হল আজ।
এই ধাপে বরগুনায় ৪১১টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়। আশ্রয়ণ প্রকল্পটির আঙিনায় আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তৃতীয় লিঙ্গের হয়ে কেউ জন্ম নিলে সে পরিবারের সম্পদের অংশও পাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলাম ধর্মেও বলা আছে, সে সম্পদের অংশ পাবে। কেউ যদি একটু মেয়েলি স্বভাবের হয় সে মেয়ের অংশ এবং পুরুষের মতো আচরণ হলে পুরুষের অংশ পাবে; এটা ধর্মীয় নির্দেশনাও আছে। আগামীতে কোনও সন্তান এভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন হবে না।’
এ নির্দেশনা শুধু বরগুনার জন্য নয়, সারাদেশের সবার জন্যই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা সবার জন্যই আমি বলে যেতে চাই, এটা আমাদের মনে রাখতে হবে তারা আমাদের পরিবারেরই একজন। কারণ আল্লাহর সৃষ্টির উপর কারও হাত দেওয়ার অধিকার কারও নেই।’
আপনার মন্তব্য