৩১ মে, ২০২৩ ১৩:৪৩
পঞ্চগড়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩১ মে) ভোরে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটনহারি এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের তৌহিদুল ইসলাম (৩৫), রজব আলীর ছেলে আমীন শেখ (৪৮) এবং আলমাস আলী (৫৫)। এ সময় আহত হয়েছেন নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩১ মে) ভোর রাতে দেবীগঞ্জের লক্ষীরহাট এলাকায় জামাইয়ের বাড়ির এক আত্মীয়ের মৃত্যুর সংবাদে বোদা থেকে প্রতিবেশী দুই ভাইকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলযোগে বের হন বাবা আলমাস আলী ও ছেলে তৌহিদুল ইসলাম। এক পর্যায়ে তারা দেবীগঞ্জের তাঁতিপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গুঁড়ি বহনকারী একটি মাহেন্দ্রর (ট্রাক্টর) পেছনে ধাক্কা খায় মোটরসাইকেলটি।
এতে ঘটনাস্থলে তৌহিদুল ও আমিন শেখ মারা যান। এ ঘটনায় আহত আলমাস আলী ও সালেকুরকে রংপুর মেডিক্যালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন আলমাস আলীর মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। অন্যদিকে আহত দুজনকে রংপুরে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। তারা সবাই তাদের এক মৃত আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আপনার মন্তব্য