সিলেটটুডে ডেস্ক

০১ জুন, ২০২৩ ১৫:০৯

এবারের বাজেট হবে গরিববান্ধব: অর্থমন্ত্রী

২০২৩-২৪ অর্থবছরের বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি বলেন, এবারের বাজেট হবে গরিববান্ধব। বিশেষ কোনো চাপ থাকবে না। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে বাজেটে ধারাবাহিকতা থাকছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় এবার বিপুল আকারে বাড়ছে।

বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বাজেট পেশ করতে জাতীয় সংসদে যাওয়ার আগে গুলশানের বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আহম মুস্তফা কামাল বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে। এ বাজেটে আমরা ঠকব না, দেশের মানুষকে ঠকাবও না। আমরা হারব না, জনগণকে হারাবও না। আমিও গরিবের সন্তান ছিলাম। একসময় গরিব ছিলাম। আমি জানি, গরিব হওয়াটা কত কষ্টের। সুতরাং আমি কাউকে গরিব করে কিছু অর্জন করতে চাই না। আমরা সবাইকে নিয়ে সবার জন্য বাজেট করেছি। সবার কল্যাণের কথা মাথায় রেখে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, আমরা কিন্তু আমাদের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে গেছি। আমি মনে করি, এবারও আমরা সেটাই অর্জন করব। এ বাজেট দিয়ে এবারও সরকার সফল হবে। এ দেশের মানুষকে ঠকাবে না সরকার। কাউকে গরিব করে কিছু অর্জন করতে চায় না সরকার। প্রস্তাবিত বাজেটটি দেওয়ার মাধ্যমে সরকার ও জনগণ উভয়পক্ষ জিতবে।

আপনার মন্তব্য

আলোচিত