সিলেটটুডে ডেস্ক

১৪ জুন, ২০২৩ ১৬:৪১

ফের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের আবারও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ জুন) দুপুরে রিমান্ড শুনানি এ আদেশ দেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক মো. মহিদুর রহমান। রিমান্ডের জন্য চাঁদকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চাঁদের আইনজীবী শামসাদ বেগম মিতালী বলেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পুলিশের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চাঁদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। এই মামলায় তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এই আইনজীবী আরও বলেন, ‘গ্রেপ্তারের পর কয়েক দফা রিমান্ডে থাকায় চাঁদ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তাঁকে রিমান্ডে যেন না নেওয়া হয়, সে জন্য আমরা আবেদন জানিয়েছিলাম। তবে শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দিয়েছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এ ঘটনায় সারা দেশে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দেশের কয়েকটি স্থানে চাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর রাজশাহী থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর কয়েক দফা রিমান্ড মঞ্জুর হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সদস্যের।

আপনার মন্তব্য

আলোচিত