সিলেটটুডে ডেস্ক

১৫ জুন, ২০২৩ ১৫:২৮

প্রধানমন্ত্রীর উপহারের ৫০০ কেজি আম গেলো ত্রিপুরায়

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার হিসেবে বাংলাদেশের বিখ্যাত হিমসাগর আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার দুপুরে উপহারের ৫০০ কেজি আম পৌঁছে দেওয়া হয় রাজ্যটির রাজধানী আগরতলায়।

স্থলবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পিকআপ ভ্যানে করে আমগুলো আখাউড়া স্থলবন্দরে আনা হয়। সেখানে দুপুর ১টার দিকে স্থানীয় স্থলবন্দরের ঠিকাদারি প্রতিষ্ঠান শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজিব উদ্দিন ভূঁইয়া আমগুলো হস্তান্তর করেন।

প্রতি কার্টনে ৫ কেজি করে ১০০টি কার্টনে ৫০০ কেজি হিমসাগর আম রয়েছে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনার কাছে আমগুলো হস্তান্তর করা হয়। সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমগুলো পৌঁছে দেবেন।

আগরতলায় দায়িত্বরত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, ‘ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মানুষের যে আত্মার যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটারই একটি বড় উদাহরণ আমাদের এই নিয়মিত উপহার বিনিময়।

‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই এটা করে থাকেন। এ বছরও করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর এই উপহার যথাযথভাবে পৌঁছে দেয়া হবে।’

আপনার মন্তব্য

আলোচিত