সিলেটটুডে ডেস্ক

২১ জুন, ২০২৩ ১৪:৩১

অভিযোগ গঠন বাতিল চেয়ে ড. ইউনূসের রিট

শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২১ জুন) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

এর আগে ৬ জুন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

এর মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হয়। ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা সেই আদেশ দেন।

মামলায় অপর তিন বিবাদী হলেন: গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও শাহজাহান।

প্রসঙ্গত: ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন।

এদিকে গত ১১ জুন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পাঁচ বছরে প্রায় ১২শ কোটি টাকা কর ফাঁকি ও আয়কর সংক্রান্ত ১৩টি মামলার শুনানি ৩০ জুলাই শুরু করার তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট।

আপনার মন্তব্য

আলোচিত