সিলেটটুডে ডেস্ক

১৭ জুলাই, ২০২৩ ১২:২৩

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ হিরো আলমের

ছবি: সংগৃহীত

চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনে আজ যে উপনির্বাচন চলছে তাতে অন্যতম আলোচিত, সমালোচিত ও বিতর্কিত প্রার্থী ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম হোসেন ওরফে হিরো আলম।

নির্বাচনে ভোট শুরুর দুঘণ্টার মাথায়ই হিরো আলম অভিযোগ করেছেন, কেন্দ্রগুলো থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এই নির্বাচন সুষ্ঠু হবে কি-না জানি না। আমার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে কয়েকজন এজেন্ট আছে, তাদেরও বের করে দেওয়া হয়েছে। তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের এজেন্টদের বের করে দিয়ে তারা একতরফা ভোট করার চেষ্টা করছে। তা না হলে কেন আমাদের এজেন্টদের বের করে দেওয়া হবে? মহিলা এজেন্টরাও ছাড় পাননি, তাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।

হিরো আলম বলেন, ফলাফল কী হবে সেটা বিষয় না, আমরা শেষ সময় পর্যন্ত দেখব। দেখতে চাই তারা আমাদের ওপর কত অত্যাচার করতে পারে। নির্বাচন কমিশনে বিষয়টি জানানোর পর বলল, তারা দেখবে। এভাবে চললে তাদের ওপর আস্থা রাখা সম্ভব নয়।

আপনার মন্তব্য

আলোচিত