১৭ জুলাই, ২০২৩ ১৩:৪০
আশরাফুল আলম হোসেন ওরফে হিরো আলম। ছবি: সংগৃহীত
চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচন চলছে।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম হোসেন ওরফে হিরো আলম এবং মো. তারিকুল ইসলাম ভুঞা।
উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও নিজের ভোট দিতে পারবেন না স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম হোসেন ওরফে হিরো আলম।
তিনি জন্মস্থান বগুড়ার ভোটার। ঢাকা-১৭ আসনের ভোটার না হওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট দিতে পারবেন না তিনি। কেবল হিরো আলম নন, একাধিক প্রার্থী নিজেকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না বলে জানা গেছে।
নির্বাচনী আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে যে কোনো আসন থেকে নির্বাচন করার সুযোগ থাকলেও ভোট দেওয়ার সুযোগ নেই।
বর্তমান নির্বাচন কমিশন তার মেয়াদে অনুষ্ঠিত জাতীয় সংসদের উপনির্বাচনগুলো ইভিএমে করলেও ঢাকা-১৭ আসনের উপনির্বাচন হচ্ছে ব্যালটে। তবে ভোটকেন্দ্রের ভোটকক্ষগুলোতে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি।
ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রে রয়েছে ৬০৫টি ভোটকক্ষ।
আপনার মন্তব্য