১৮ জুলাই, ২০২৩ ১০:৪২
ছবি: সংগৃহীত
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ জুলাই) বিকালে বনানী বিদ্যা নিকেতন স্কুল ও কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন, শেখ শহীদুল্লাহ বিপ্লব ও সানোয়ার গাজী। বাকি দুজনের নাম নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগের এডিসি হাফিজ আল আসাদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে তাদের কী ভূমিকা রয়েছে।
হিরো আলমের প্রধান নির্বাচনি এজেন্ট মো. ইলিয়াস বলেন, ক্ষমতাসীন দলের কর্মীরা এ হামলার সঙ্গে জড়িত। হিরো আলম যখন কলেজ ভবনের করিডোর দিয়ে ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন কিছু ভক্ত তার সঙ্গে সেলফি তোলেন। সেসময় কিছু লোক তাকে এসে বলেন, এটা টিকটক ভিডিও করার জায়গা না। এটা ভোটকেন্দ্র, এটা গুলশান-বনানী - এ বলে তাকে মারধর শুরু করে।
গুলশান বিভাগের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ বলেন, যারা এ হামলার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।
সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। এছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সিকদার আনিসুর রহমান পেয়েছেন ১ হাজার ৩২৮ ভোট।
আপনার মন্তব্য