নিউজ ডেস্ক

১০ জানুয়ারি, ২০১৬ ১৫:৪৪

আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার ১ম পর্ব

বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

রবিবার (১০ জানুয়ারি) মোনাজাত শেষে টঙ্গীর তুরাগতীরে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। যে যেভাবে পারছেন সেভাবেই গন্তব্যে পৌঁছানোর যুদ্ধে নেমেছেন। কেউ যাচ্ছেন ট্রেনের ছাদে, কিংবা পিক-আপে, কেউবা বাসের ছাদে, অনেকে আবার হেঁটে। তাদের চোখে মুখে কোনো ক্লান্তি কিংবা উদ্বেগের ছাপ নেই। পর্যাপ্ত যানবাহন না পাওয়ায় সবার মধ্যেই একটি তাড়াহুড়োর বিষয় লক্ষ করা গেছে।

রবিবার বেলা ১১টা ৮ মিনিটে প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়। এবার মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সা'দ। দীর্ঘ ২৪ মিনিটের মোনাজাত শেষ যা ১১টা ৩২ মিনিটে।

যার পুরোটায় বিশ্বের সব মানুষের মঙ্গল ও শান্তি কামনা করে আল্লাহর দিদার লাভের প্রার্থনা করেন মুসল্লিরা। ইজতেমা ময়দানসহ সড়ক ও মহাসড়কে অলি-গলি, বাড়ি ও কারখানার ছাদ, তুরাগ নদে নৌকায় বসে, পত্রিকা বিছিয়ে যে যেখানে পেরেছেন বসে দোয়ায় অংশ নেন নানা বয়সী নারী-পুরুষ। ইজতেমা ময়দানে উপস্থিত হতে না পেরে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জড়ো হয়ে মোবাইল ফোন ও টেলিভিশনের মাধ্যমে আখেরি মোনাজাতে শরিক হয়েছেন।

সূত্র জানায়, তাবলিগ জামাতের উদ্যোগে বাংলাদেশে আয়োজিত ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম দফায় আখেরি মোনাজাতে কয়েক লাখ মুসল্লি অংশ নেন। পাশাপাশি বিশ্বের শতাধিক দেশের প্রায় ৮ হাজার বিদেশি মেহমান অংশ নিয়েছেন এবারের ইজতেমায়।

আপনার মন্তব্য

আলোচিত