০৬ ডিসেম্বর, ২০২৩ ০২:৫১
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং কেনার প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস।
মঙ্গলবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় এ অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, পিটার হাস বৈঠকে আরও বোয়িং নেওয়ার প্রস্তাব দেন। তবে এ প্রস্তাবের বিষয়ে বিমানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাকে কিছু জানানো হয়নি।
তিনি আরও জানান, পিটার হাসের প্রস্তাবটি প্রথমে মন্ত্রণালয়কে জানানো হবে। এরপর বিমানের বোর্ডে উপস্থাপন করা হতে পারে।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৯ এবং ৭৮৭-১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব রয়েছে। সেটির অগ্রগতি নিয়ে আলোচনা ছাড়াও বিমানের বহরে থাকা বোয়িংয়ের বিক্রয়-পরবর্তী সেবা, যন্ত্রাংশ ও অন্য শর্তাবলির বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
পূর্বনির্ধারিত এ বৈঠকে বিমানের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শফিউল আজিমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিটার হাসের সঙ্গে ছিলেন বোয়িং প্রতিনিধিরা।
বিমানের সিইও শফিউল আজিম জানান, বোয়িংয়ের বিভিন্ন বিষয় নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।
বর্তমানে বিমানের বহরে থাকা ২১টি উড়োজাহাজের মধ্যে ১৬টি বোয়িং এবং বাকি ৫টি ড্যাশ-৮।
আপনার মন্তব্য