সিলেটটুডে ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২৩ ১৩:৩৩

হিমঘরে দীর্ঘদিন ভারতীয় দুই বন্দির লাশ, বিল চেয়ে চিঠি

হস্তান্তর জটিলতায় দীর্ঘ ১১ মাস ধরে শরীয়তপুর সদর হাসপাতালের হিমঘরে পড়ে আছে বন্দি দুই ভারতীয় নাগরিকের লাশ। লাশ দুটির মরচুয়ারি ভাড়া ১১ মাসে এসে দাঁড়িয়েছে ৯ লাখ ৭০ হাজার টাকা। দীর্ঘ সময় ধরে লাশগুলো পড়ে থাকায় হাসপাতাল কর্তৃপক্ষও পড়েছে বিপাকে। লাশ দুটি সরিয়ে ভাড়া পরিশোধের জন্য কারা কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত আসার পর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলার।

শরীয়তপুর জেলা কারাগার সূত্র জানায়, হিমঘরে রাখা দুই ব্যক্তির নাম সতেন্দ্র কুমার (৪০) ও বাবুল সিং (৩৮)। এদের মধ্যে সতেন্দ্র কুমার হরিয়ানা রাজ্যের সাতুরা সুলতানপুর জেলার চেয়াপুর থানার চন্দ্রপালের ছেলে। আর বাবুল সিংয়ের বাড়ির কোনো ঠিকানা পাওয়া যায়নি। সতেন্দ্র কুমারকে গত বছরের ৮ অক্টোবর পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহভাজন হিসাবে আটক করা হয়। অনুপ্রবেশ আইনে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের করা মামলায় ওই দিনই তাকে আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ১৮ জানুয়ারি সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। কারাগার থেকে দুপুরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার লাশটি ময়নাতদন্ত শেষে হাসপাতালের হিমাগারে রাখা হয়।

অপরদিকে বাবুল সিংকে গত বছরের ১৭ মে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা আটক করেন। পরে অনুপ্রবেশ নিয়ন্ত্রণ আইনে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ মামলা দেওয়ার পর ওই দিনই তাকে আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ১৫ এপ্রিল রাতে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ১০টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার লাশটিও ময়নাতদন্ত শেষে হাসপাতালের হিমঘরে রাখা হয়। আর এতে ১১ মাস ধরে হিমঘরে ভারতীয় দুই বন্দির লাশ।

এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আবু সাদ্দাত বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত