২৩ ডিসেম্বর, ২০২৩ ০৯:৫৯
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু (৮৭) আর নেই।
গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
উদীচীর প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক কংকন নাগ গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি। গত ১৭ ডিসেম্বর তাকে রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।
গোলাম মোহাম্মদ ইদুর জন্ম ১৯৩৬ সালের ২৫ ফেব্রুয়ারি। আনুষ্ঠানিকভাবে উদীচী প্রতিষ্ঠিত হওয়ার প্রায় এক দশক আগে সত্যেন সেন একটি গানের দল গঠন করেন। সেই গানের দলের অন্যতম সদস্য ছিলেন গোলাম মোহাম্মদ ইদু।
পরে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদীচী প্রতিষ্ঠিত হলে গোলাম মোহাম্মদ ইদু প্রথম আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হন। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা পরবর্তী সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন তথা বাংলাদেশের প্রতিটি ন্যায়সঙ্গত, প্রগতিশীল আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন গোলাম মোহাম্মদ ইদু।
তার মৃত্যুতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে গভীর শোক প্রকাশ করেছেন।
উদীচীর শোকবার্তায় বলা হয়, জীবনের একটি দীর্ঘসময় তাকে কারান্তরীণ থাকতে হয়েছে। তারপরও নিজের দায়িত্ব-কর্তব্য থেকে কখনো পিছপা হননি তিনি। শেষ বয়সে শারীরিক নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও উদীচীর ছোট-বড় যে কোনো কর্মসূচিতে ছুটে আসতেন গোলাম মোহাম্মদ ইদু। উদীচীর সব বয়সী শিল্পী-কর্মীর জন্যই তিনি প্রকৃত অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।
আপনার মন্তব্য