০৬ নভেম্বর, ২০২৬ ০১:২৫
ছবি: সংগৃহীত
প্রায় দুই যুগ ধরে জাতীয় দলকে টেনে নিয়ে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর অবদান মনে রেখেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া অধিনায়ককে ধন্যবাদ জানিয়ে, তার হাজার গোলের ঐতিহাসিক অভিযানে সাফল্য কামনা করেছে তারা।
রোনালদো (৫ নভেম্বর) বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে জাতীয় দলকে বিদায় জানান। দেশের হয়ে ছয়টি করে বিশ্বকাপ ও ইউরোর চূড়ান্ত পর্বে খেলা ৪১ বছর বয়সি মহাতারকা ফুটবলের অনেক রেকর্ড ও কীর্তির অধিকারী।
এক বিবৃতিতে রোনালদোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। বিবৃতিতে তারা বলছে, পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাদের চিরন্তন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি আন্তরিক ও চিরস্থায়ী কৃতজ্ঞতা প্রকাশ করছে। তিনি আজ জাতীয় দল থেকে তার চূড়ান্ত অবসরের ঘোষণা দিয়েছেন। গভীর কৃতজ্ঞতা ও অপরিসীম প্রশংসার অনুভূতি নিয়েই পর্তুগিজ ফুটবল ফেডারেশন দেশের সেবায় অসাধারণ ক্যারিয়ারের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে শ্রদ্ধা জানাচ্ছে এবং ধন্যবাদ দিচ্ছে।”
বিবৃতিতে বলা হয়, “কেবল একজন অসামান্য ক্রীড়াবিদই নন, আমাদের অধিনায়ক ছিলেন একজন অনুপ্রেরণাদায়ী নেতা, নিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত এবং আমাদের জাতীয় দলের চেতনার চূড়ান্ত প্রতীক। ২৩৪টি ম্যাচ খেলা এবং ১৪৬টি গোল করা ঐতিহাসিক আন্তর্জাতিক ক্যারিয়ার জুড়ে অধিনায়ক জাতিকে নিজের কাঁধে টেনে নিয়েছেন, রেকর্ড ভেঙেছেন এবং এমন সব মুহূর্তে দলকে নেতৃত্ব দিয়েছেন, যা দেশের ফুটবলের ইতিহাসে চিরকাল খোদাই হয়ে থাকবে। মাঠে তার ঘামের প্রতিটি বিন্দু, জয়সূচক প্রতিটি গোল এবং গর্বের সঙ্গে পরা অধিনায়কের প্রতিটি আর্মব্যান্ড আমাদের জার্সির প্রতি তার নিঃশর্ত ভালোবাসারই প্রতিফলন ঘটায়। তার নিষ্ঠা ও লেগ্যাসি মাঠের চার দড়ির বাইরেও বিস্তৃত।”
পর্তুগিজ ফুটবল ফেডারেশন বলছে, “ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল নামকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন, যারা তার পদাঙ্ক অনুসরণ করার স্বপ্ন দেখে; আমাদের অনেকের কাছেই তিনি সর্বকালের সেরা খেলোয়াড়!”
দেশের মহানায়ককে এভাবে বিদায় দিতে চায় না দেশটির ফুটবল ফেডারেশন। তারা বলছে, “পর্তুগিজ ফুটবল ফেডারেশন যথাযথ শ্রদ্ধা নিবেদন ছাড়া এই বিদায়ে রাজি নয়। ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশাল ক্যারিয়ারের প্রতি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি আয়োজন করা, পরিকল্পনা করা, তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা প্রবল ইচ্ছা আমাদের। সেখানে ভক্ত ও জাতি আরও একবার সেই খেলোয়াড়কে করতালি দিয়ে ও (তার বিশেষ মুহূর্তটা) আনন্দে উদযাপন করতে পারবে, যিনি আমাদের এত কিছু দিয়েছেন। সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক! চলুন, ১০০০ গোলের লক্ষ্যের দিকে এগিয়ে যাই!!!”
আলাদা করে বিবৃতি দিয়েছেন পর্তুগাল ফুটবল ফেডারেশন সভাপতি পেদ্রো প্রয়েঙ্কা। ২৩ বছরের ক্যারিয়ারে রোনালদো দেশের ফুটবলের জন্য যে অবদান রেখেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তিনি।
পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জুজে সেগুরোও মহাতারকার বিদায়ে বার্তা দিয়েছেন।
প্রেসিডেন্ট বলেন, “পর্তুগালের পক্ষ থেকে, আমি ক্রিশ্চিয়ানো রোনালদোকে ধন্যবাদ জানাই যেভাবে তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন, পর্তুগিজ জনগণকে অনুপ্রাণিত করেছেন এবং বিশ্বজুড়ে পর্তুগালের নাম বহন করে নিয়ে গেছেন। আমি বুঝতে পারছি যে এটি ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্রীড়া জীবনের অন্যতম কঠিন একটি দিন, তবে আমি নিশ্চিত যে, এর আগেও যেমনটি বহুবার ঘটেছে, পর্তুগিজ জনগণ তার পাশেই রয়েছে।”
বৃহস্পতিবার এক বিবৃতিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন রোনালদো। জাতীয় দলের হয়ে তিনি ২৩৪ ম্যাচ খেলে গোল করেছেন ১৪৬টি, যা ফুটবল ইতিহাসের এই মাইলফলক ও রেকর্ড। তিনি দেশকে একবার ইউরো চ্যাম্পিয়ন্সশিপ এবং দুই বার নেশন্স লিগ শিরোপা জিতিয়েছেন। এছাড়া রোনালদোর আগে পর্তুগাল মাঝেমাঝে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারলেও, তার অভিষেকের পর থেকে প্রতিবারই খেলছে বিশ্বকাপ।
আপনার মন্তব্য