১৪ জানুয়ারি, ২০২৪ ২৩:০১
পোড়া রোগীদের চিকিৎসায় পাঁচ শয্যার ছোট একটা ইউনিট থেকে ৫০০ শয্যার হাসপাতাল ও ইন্সটিটিউট তৈরির মূল ব্যক্তি বিশিষ্ট বার্ন ও প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন। এ কাজ করতে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তার টেবিলে টেবিলে ঘুরেছেন তিনি। তার ফাইল ছুড়ে ফেলে দিয়েছেন কর্মকর্তারা। কিন্তু আমি ধৈর্য ধরে আসছি এবং সবার সহযোগিতা পেয়েই এ জায়গায় আসছি।
মন্ত্রিত্ব পাওয়ার পর রোববার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসে কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় নিজের এমন অভিজ্ঞতার কথা শোনান সামন্ত লাল সেন।
টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া সামন্ত লাল প্রথম কার্যদিবসে বলেন, ‘আমরা যদি সবাই সিনসিয়ারলি কাজ করি অসম্ভব কিছু না।
নতুন স্বাস্থ্যমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। ওটা করতে পারলে ঢাকা শহরে শুয়ে (ফ্লোরে) চিকিৎসা নিতে হবে না।’
কর্মপরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমি প্রত্যেকটা হাসপাতালে যাব, কী কী সমস্যা আছে জানব। তারপর আমি একটা কর্মপরিকল্পনা করব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘একটি মেডিকেল কলেজ খুললেই হবে না, সেখানে চিকিৎসক লাগবে। আমি সবগুলো বিষয় দেখব। গ্রামে ডাক্তার কেন থাকে না তার কারণ বের করতে হবে। তাদের সঙ্গেও কথা বলতে হবে। সব দেখে আমি ব্যবস্থা নেব।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যতম একটি সমস্যা হলো দুর্নীতি। এটি দূর করতে আপনি কী করবেন? জানতে চাইলে অধ্যাপক সামন্ত লাল সেন বলেন, ‘আমি চেষ্টা করব। দুর্নীতি নিয়ে আমার জিরো টলারেন্স থাকবে।।’
এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সবার কাছেই অনুরোধ, এ মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা আছেন এবং বাহির থেকেও যারা আছেন, আপনারা যেকোনো সময় যেকোনো কিছু...আপনারা আমার দরজায় কোনো প্রটোকল লাগবে না, আপনারা চলে আসবেন।’
‘আমি আগের মতোই থাকব, আমাকে একটু উপদেশ দেবেন। আপনাদের উপদেশ পেলে আমরা নির্ধারিতভাবে কাজ করতে পারব।’ যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।
আপনার মন্তব্য