সিলেটটুডে ডেস্ক

২১ জানুয়ারি, ২০১৬ ১৬:৩১

রাব্বীকে নির্যাতন : লিখিত অভিযোগ এফআইআর হিসেবে নেওয়ার আদেশ স্থগিত

পুলিশি নির্যাতনের ঘটনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীর করা লিখিত অভিযোগ ‘এফআইআর’ হিসেবে নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার এই স্থগিতাদেশ দিয়ে আগামী ২৫  জানুয়ারি বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর নির্যাতনের ঘটনায় রিটকারী পক্ষে ছিলেন মাহবুব উদ্দিন খোকন।

আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে। সে দিন এ বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।

এর আগে ১৮ জানুয়ারি গোলাম রাব্বীকে আটক ও নির্যাতনের ঘটনা কেন বেআইনি হবে না, জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে পুলিশের কাছে রাব্বীর করা অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করতে মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) গ্রহণ করতে নির্দেশ দেন। বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম শহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দেয়া আদেশে ২ সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার, তেজগাঁও জোনের উপ-কমিশনার, মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দোষী এসআই মাসুদ শিকদারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছিল।

১৭ জানুয়ারি রাব্বীকে পুলিশি নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিটটি দায়ের করেন আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনু এবং রিপোর্টার জাহিদ হাসান।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীর ভাষ্য অনুযায়ী, গত ৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুর তাজমহল রোডে এক আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে তাকে আটক করে পুলিশ। এরপর তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে উপ-পরিদর্শক (এসআই) মাসুদ অর্থ আদায়ের চেষ্টা করেন। তাকে মারধরও করা হয়।

বিষয়টি জানাজানি হলে গত শনিবার অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত